ভাণ্ডারিয়ায় ৫০০ বাড়িতে জেপি চেয়ারম্যানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা ৫০০ বাড়ির বাসিন্দার জন্য জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির উদ্যোগে খাবার পাঠানো হয়েছে। বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ইবনে মাসুদ তালুকদার, হাবিবুর রহমান খান, সাবেক ইউপি সদস্য মো. সেকান্দার আলী খানসহ স্থানীয় সমাজসেবী এবং থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা। এসব পরিবারকে দেওয়া ১৯ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল, আলু, তেল, ডাল, পেঁয়াজ, লবণ।

গত মঙ্গলবার সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে ধাওয়া গ্রামের এক শিক্ষার্থীর মৃত্যুর পর সেখানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধ এবং সুরক্ষায় থাকার জন্য নানা প্রচারণা চালানো হয়। এছাড়াও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে নিয়মিত টেলিভিশনের বড়ো পর্দায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় শীর্ষক প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার উপদ্রুত এই এলাকাসহ ভাণ্ডারিয়ার সর্বত্র সেনাবাহিনী ও পুলিশকে স্থানীয়দের হোম কোয়ারেন্টাইনে থাকতে জোর পরামর্শ দিতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের উপস্থিতিতে এবং সেনাবাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার মো. শামসুর নেতৃত্বে ‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’ জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী—এসংবলিত প্লাকার্ড হাতে বাজারের বিভিন্ন সড়ক ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা, মাস্ক বিতরণ, দোকানে-দোকানে হাত ধোয়ার জন্য বালতিতে পানি, সাবান রাখা এবং জনসমাগম রোধে দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় বাজার ব্যবসায়ী কল্যাণ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার ও সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার তাদের সহায়তা করেন।