স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে গত এক মাসে বিদেশ থেকে এসেছেন প্রায় ৩ হাজার প্রবাসী। এর মধ্যে প্রায় ১ হাজার প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তবে বাকি প্রায় ২ হাজার প্রবাসীকে তাদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রশাসন। গত বুধবার নিজ কার্যালয়ে করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, মার্চে ২ হাজার ৯৫৯ প্রবাসী রাজশাহী ফিরেছেন। এর মধ্যে বুধবার পর্যন্ত ১ হাজার ৩৭ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাকি ১ হাজার ৯২২ জনকে খুঁজে পাওয়া যায়নি। যাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল তাদের মধ্যে ৫৮৯ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে রাজশাহীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।
জেলা প্রশাসক বলেন, ফেরত আসা প্রবাসীদের পাসপোর্টের যে স্থায়ী ঠিকানা রয়েছে, সেই ঠিকানায় পুলিশ ও প্রশাসনের লোকজন খোঁজ নিয়ে দেখেছেন, তারা কেউ সেখানে যাননি। তারা হয়তো দেশের অন্য কোথাও আছেন।