লোহাগড়ায় ফেসবুকে আপত্তিকর ছবি, স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা 

নড়াইলের লোহাগড়ায় ফেসবুকে আপত্তিকর ছবি ছেড়ে দেওয়ায় এক স্কুলছাত্রী (১৬) আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মেয়েটি দশম শ্রেণিতে পড়ত। ঐ মেয়েটির মা জানান, ঝুলন্ত অবস্থায় সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পাশেই টেবিলের ওপর তার মার উদ্দেশ্যে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে সে লিখেছে, ‘মা, নানান মানুষ তোমাকে নানান কথা বলছে। আমার একটি ভুলের জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এই কষ্টটা আর আমি নিতে পারছি না। তাই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা।’

তার চাচা জানান, প্রতিবেশী হাকিম মুন্সীর (২৪) সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক হয়। প্রায় এক মাস আগে হাকিম সৌদি আরবে যায়। হাকিম দেশে থাকতে মেয়েটির সঙ্গে আপত্তিকর সম্পর্কের ছবি তোলে। সেই ছবিগুলো ফেসবুকে দেয়। এসব ছবি স্থানীয় লোকজন দেখে। এরপর নানা মানুষ নানা কথা বলতে থাকে। সে  এ কারণে আত্মহত্যা করে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘তার মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইন, পর্নগ্রাফি আইন ও আত্মহত্যা প্ররোচনার মামলা হবে।’