ইত্তেফাক রিপোর্ট
আগামী রবিবার থেকে দেশের সকল জিপিও, প্রধান ডাকঘর সীমিত পরিসরে খেলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার খোলা থাকবে। এই সিদ্ধান্তের আওতায় উপজেলা ডাকঘরগুলোও সীমিত পরিসরে খোলা থাকবে। তবে, এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলরা স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রেখে ব্যবস্থা গ্রহণ করবেন।
জেলা পর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে ডাক বিভাগের নিজস্ব মেইল গাড়ি শুধু দিনে চলাচল করবে। মেট্টোপলিটন শহরগুলোতে সাব পোস্ট অফিসও সীমিত আকারে খোলা রাখা যাবে। ক্যাশ সঞ্চালন ও ট্রেজারি লেনদেনের জন্য ডাক বিভাগের নিজস্ব পরিবহন ব্যবস্থায় চলাচল করবে।
ই-কমার্স ও পার্সেল গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ ও করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত সামগ্রী অগ্রাধিকার পাবে। সকল ই-কমার্স ও পার্সেল গ্রহণের সময় ডাকদ্রব্যের গায়ে প্রেরক ও প্রাপকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ই-কমার্স ও পার্সেল শুধু বিতরণকারী ডাকঘর থেকে গ্রাহক গ্রহণ করতে পারবেন। ঘরে ঘরে কোনো ডাকদ্রব্য বিতরণ করা হবে না। ই-কমার্স ও পার্সেল এর প্রাপককে সংশ্লিষ্ট ডাকঘর থেকে ডাকদ্রব্য সম্পর্কে মোবাইল ফোন এর মাধ্যমে অবহিত করা হবে। সকল অবসরভোগীদের অবসরভাতা পরিশোধ নিশ্চিত করা হবে। ছুটিকালীন সময়ে ডাকঘরে কর্মরত সকলকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।