স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান করোনা পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে বাড়িওয়ালাদের প্রতি বাড়িভাড়া ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স মওকুফের আহ্বান জানিয়েছেন। গতকাল শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে অসহায় মানুষকে সহায়তায় নিজ উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে একইভাবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। করোনা থেকে বাঁচতে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, বর্তমান অবস্থায় সকলের সহযোগিতার কারণে বাংলাদেশ অন্য দেশের তুলনায় এখনো অনেক ভালো আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি সেক্টর ও সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করছে সেটা প্রশংসনীয়।