সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি আর নেই

পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শামসুর রহমান শরীফ এমপির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়ে।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ বিগত প্রায় সাত মাস যাবত্ তিনি বার্ধক্য ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। প্রথমে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিত্সা গ্রহণের পর তিনি লন্ডনে গিয়ে চিকিত্সা গ্রহণ করেন। লন্ডন থেকে ফিরে কিছুদিন ভালো থাকার পর অসুস্থ হলে আবারো ল্যাব এইডে ভর্তি হন। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। গতকাল ইউনাইটেড হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও              প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা শামসুর রহমান শরীফ ডিলুর দীর্ঘ কর্মময় জীবনের কথা উল্লেখ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা ডিলুর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রমুখ।

গতকাল বৃহস্পতিবার বাদ আছর শামসুর রহমান শরীফ ডিলুর মরদেহ পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে নেওয়া হয়। এরপর লক্ষ্মীকুন্ডা নিজ গ্রামের বাড়ির সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আবার নামাজে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দি সড়কে লাশবহনকারী অ্যাম্বুলেন্সটি নিজ বাড়ির আঙিনায় আসে। বিকাল সাড়ে ৪টায় বর্ষীয়ান ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মরদেহ পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) প্রদান করে।

জেপির শোক

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।