আমতলী থানার সাবেক পরিদর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

আমতলী থানায় পুলিশ হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে বুধবার রাতে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেনের কাছে দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের অভিযোগ আমলে নিয়ে আমতলী থানা মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

গত ২৬ মার্চ সকালে আমতলী থানায় মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শানু হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন শেষে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি শানু আত্মহত্যা            করেছেন। এ ঘটনা তদন্তে বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার-ডিআইজি মো. শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বরগুনা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বরগুনার ডিবি ওসি মো. হারুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।