সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি মারাত্মক অবস্থার সৃষ্টি করেছে। এটা বৈশ্বিক ব্যাপার, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ও গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজের প্রতি যত্নবান ও নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছে।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে টেলিকনফারেন্সে তিনি এ সব কথা বলেন। তোফায়েল আহমেদের পক্ষে বিতরণের জন্য জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
তোফায়েল আহমেদ বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরে গরীব দুখী মানুষ কঠিন সময় পার করছে, সেই সব মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। যতদিন পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে ততদিন পর্যন্ত আমরা সাধ্যমত দরিদ্র মানুষকে সহযোগিতা করব।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বাজারে ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকলকে নিরাপদে থাকার কথা বলেন।
ইউনিয়ন ও প্রতিটি গ্রামে দরিদ্র মানুষের ঘরে ঘরে তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ বিতরণ শুরু হয়। জেলা সদরের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল, ৭ কেজি আলু, ২ কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ উপস্থিত ছিলেন।