ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে চোষপাড়া সীমান্তের এস ৩৭৯ নম্বর পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে বলে জানান বড়ো পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। নিহত জয়নাল আবেদিন রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমের বরাতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়িতে যাতায়াত করত। বৃহস্পতিবার ভোরবেলা শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লেগে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় তারা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদ জানান, সীমান্তে এক জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখনো নিশ্চিত না। খোঁজখবর নেওয়া হচ্ছে।