সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা বন্ধের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে লকডাউন ঘোষণার পর থেকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা চিকিত্সাসেবা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে সরিষাবাড়ী পৌর মেয়র রোকনুজ্জামান রোকন হাসপাতালে গিয়ে এর সত্যতা যাচাই করেন।

কয়েক জন রোগীর স্বজন অভিযোগ করেন, ডাক্তাররা হাসপাতালে করোনা ভাইরাসের ভয়ে চিকিত্সা দিতে ভয় পাচ্ছেন কিন্তু প্রাইভেট ক্লিনিকে ঠিকই রোগী দেখছেন।

বনগ্রাম থেকে মালতী তার পাঁচ বছরের শিশুকে নিয়ে যান চিকিত্সা নিতে। তার ছেলের মাথায় বিষফোড়া হয়েছে, সেই থেকেই জ্বর। তিনি ছেলেকে ডাক্তার দেখাতে না পেরে ফেরত যান। মাজারিয়া গ্রামের লোকমান হোসেন কোমরের ব্যথার জন্য ডাক্তার দেখাতে এসে ফেরত যান বাড়িতে। যাবার সময় ফার্মেসি থেকে একটা ব্যথার মলম কিনে নেন। নানাজনের কাছে নানা অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার পৌর মেয়র সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসুস্থতার কারণে জামালপুর আছেন বলে ডাক্তার শাহেদ জানান। পরে তিনি ডা. শাহেদকে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। হাসপাতালে তিন জন পুরুষ এবং মহিলা ওয়ার্ডে তিন-চার জন রোগী দেখতে পান। পরে মেয়র রোকনুজ্জামান রোকন ডা. শাহেদকে ডেকে বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে আমার এখানে আসা। আপনারা খেয়াল রাখবেন কোনো রোগী যেন চিকিত্সা ছাড়া ফিরে না যায়। করোনায় আক্রান্ত রোগীর কথা জানতে চাইলে ডা. শাহেদ জানান, সরিষাবাড়ীতে এ পর্যন্ত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাননি।