রাজশাহীতে করোনা নিয়ে গুজব ছড়ানোয় ১১ জনের জরিমানা

করোনা ভাইরাস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। জনসাধারণকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। অন্যদিকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ১১ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও গোড়াগাড়ীতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মোটরযান আইনেও জরিমানা আদায় করা হয়েছে। এনিয়ে গত দুই দিন ভ্রাম্যমাণ আদালতে রাজশাহীতে ৩৪ জনকে জরিমানা করা হলো।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনা ভাইরাস নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক হারে গুজব ছড়ানো হচ্ছিল। কখনো ঘরের দরজায় সুরমা পাওয়া, কখনো মোবাইলে ডাটা পাওয়া, কখনো ফ্রিজ ভাঙার, আবার জ্বর হলে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিবে ইত্যাদি গুজব ছড়ানো হচ্ছিল। গুজব প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে কথা বলেছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় তিনি বলেন, জরুরি ভিত্তিতে দ্রুত সাড়া প্রদান ও বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ গঠিত হয়েছে। টিমের প্রত্যেককে করোনা ভাইরাস প্রতিরোধসংক্রান্ত বিশেষ ব্রিফিং দেওয়া হয়েছে। এই টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাজশাহীর বিভিন্ন থানায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে জনগণকে পরামর্শ দিচ্ছে।