কুমিল্লার নাঙ্গলকোটে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে উপজেলা প্রশাসন ও কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের যৌথ বিশেষ অভিযানে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এক প্রবাসীর বিবাহ পণ্ড করে কনের পিতা থেকে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বর উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. নাহিদ।
এদিকে উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক নানান দিকনিদের্শনা দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে মাস্ক, হাত মোজা ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা।