মানবিক সহযোগিতা প্রদানে এগিয়ে আসুন

করোনা ভাইরাস প্রতিরোধ ও চলমান দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় এবং আর্থিক, সামাজিক, স্বাস্থ্যসেবা উন্নয়নে মানবিক সহযোগিতা প্রদানের জন্য সর্বস্তরের সামর্থ্যবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একইসঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক বা দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করারও আহ্বান জানানো হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ যেমন প্রয়োজন হবে, তেমনি বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাবসহ আমাদের আর্থিক ও সামাজিক ব্যবস্থা হুমকির মুখে পড়ার বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর এর প্রভাব এরই মধ্যে পড়তে আরম্ভ করেছে। ভবিষ্যতে এর ফল হবে সুদূরপ্রসারী। সরকার হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসার সংবাদও পাওয়া যাচ্ছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য আমাদেরও জোরালো ভূমিকা নেওয়ার আজ প্রয়োজন দেখা দিয়েছে।’ করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিধিসংক্রান্ত নির্দেশনা সাধারণ জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেওয়ার জন্য ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষকের কাছে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এরই মধ্যে শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।