ফাঁকা রাস্তায় দুই গাড়ির সংঘর্ষ আহত ৩

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাইপাস সড়কের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর এলাকার সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ঠ ১১-১৫০৬) এবং আরেকটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো গ ১১-৮৯২২)। বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের ঐ পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরগেট  থেকে শেরেবাংলা নগরের দিকে প্রবেশের সময় নতুন বাইপাস রোডের মুখে বিজয় সরণির দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের তিন জন গুরুতর আহত হন। তাদের দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার শিকার দুটি গাড়িই জব্দ করা হয়েছে।