বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদেরকে সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
চিঠিতে মন্ত্রী বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও কমিউনিটির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের যৌক্তিক চাহিদা অনুযায়ী সেখানকার বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে। বর্তমান সময় এবং করোনা ভাইরাস-উত্তর সময়ে বাংলাদেশি কর্মীদের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে একটি সুপারিশমালা প্রেরণের জন্য মন্ত্রী তাদেরকে অনুরোধ জানিয়েছেন।