হত্যার হুমকির মুখে যুক্তরাষ্ট্রে করোনা বিশেষজ্ঞের নিরাপত্তা জোরদার

ক্রমাগত হত্যার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের শীর্ষ করোনা ভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির নিরাপত্তা বাড়ানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ফাউসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের এক জন সদস্য। তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে। এখন সর্বদা তার ব্যক্তিগত নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। এমনকি তার বাড়িতেও নিরাপত্তা দরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক জন কর্মকর্তা বলেন, ফাউসিকে হুমকি দেওয়ার পর তাকে ইউ এস মার্শালস সার্ভিস দিতে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে প্রথম বলা হয় যে, ফাউসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে সিএনএন বলেছে, ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের কয়েকজন সদস্য সর্বদা ফাউসির বাড়িতে মোতায়েন রয়েছে। তবে হুমকির উত্স এখনো শনাক্ত হয়নি। গত বুধবার হোয়াইট হাউজ করোনা ভাইরাস টাস্ক ফোর্সের ব্রিফিংয়ে ফাউসিকে হুমকি ও নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশের শীর্ষ সংক্রমক ব্যধি বিশেষজ্ঞের নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। কারণ সবাই তাদের ভালোবাসে।