ছোট ভিডিও তৈরি ও শেয়ার উপযোগী অ্যাপ এনেছে ফেসবুক

 

ব্যবহারকারীদের চাহিদাপূরণে বরাবরই ফেসবুক যুগোপযোগী প্রদক্ষেপ  গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে জনপ্রিয় হচ্ছে ছোট আকারের ভিডিও। ফেসবুক এ ধরনের একটি অ্যাপ উন্মুক্ত করেছে। ফিল্টার আর বিশেষ ইফেক্ট দিয়ে ছোট আকারের ভিডিও তৈরি ও শেয়ারের অ্যাপটির নাম ‘ল্যাসো’। সম্প্রতি এক টুইটে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির পণ্য ব্যবস্থাপক অ্যান্ডি হুয়াং বলেন, ‘ল্যাসো, ফেসবুকের ছোট আকারের ভিডিও অ্যাপ এখন যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে।’ আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ফেসবুক এই অ্যাপ চালু করেছে। এতে ভিডিও এডিটিং টুল রয়েছে যা অ্যাপ ব্যবহারকারীকে ভিডিওতে টেক্সট ও মিউজিক যোগ করার সুযোগ দেবে। শুক্রবার এ নিয়ে প্রযুক্তি সাইট সিনেট-কে দেওয়া এক ইমেইলে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘এখন ছোট আকারের, বিনোদনমূলক ভিডিওর জন্য ল্যাসো একটি আলাদা স্বতন্ত্র অ্যাপ। এখানে থাকা সম্ভাবনা নিয়ে আমরা উদগ্রীব, আর আমরা নির্মাতা ও মানুষের কাছ থেকে ফিডব্যাক নিতে থাকব।’