রাজধানীতে বিভিন্ন এলাকায় দক্ষিণ সিটির খাদ্য সামগ্রী বিতরণ

রাজধানীতে বিভিন্ন এলাকায় দিনমজুর ও দরিদ্রদের মাঝে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ক্ষমতাসীন আওয়ামীলীগের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর লালবাগ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাবার সামগ্রী বিতরণ করেন।

হুমায়ুন কবির বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এছাড়া লালবাগ এলাকার বিভিন্ন মহল্লায় ভ্যানে করে মানুষের বাসায় খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। দক্ষিণ সিটির পক্ষ থেকে পাওয়া ৫শ ব্যাগ খাবার সামগ্রী দিনমজুর ও গরিবদের মাঝে বিতরণ ছাড়াও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আড়াইশ গরীব পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। 

আরও পড়ুনঃ গুজব ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

খাদ্য সামগ্রী চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ জানিয়ে সদ্য বিদায়ী কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, আমার এলাকার চাহিদা অনুযায়ী আমরা তেমন খাদ্য সামগ্রী পাচ্ছি না, সরকারের পক্ষ থেকে যাই দেয়া হচ্ছে তা আমাদের জন্য পর্যাপ্ত নয়। আমার ওয়ার্ডে সর্বমোট ১৪টি মহল্লা বা এলাকা, এলাকায় খাবার বিতরণ করতে গিয়ে দেখা দিচ্ছে খাবার সংকট। তাছাড়া সব এলাকাতেও খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের মধ্যে নাসিরাবাদ ইউনিয়ন, ডেমরা ইউনিয়ন, মুগদা থানা, ওয়ারী থানা, ৫ নং ওয়ার্ড, ২১ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে দরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হয়। পাশাপাশি জীবানুনাশক দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। 

ইত্তেফাক/এমএএম