বিনোদন রিপোর্ট
গানবাংলা বরাবরই ভিন্নমাত্রা নিয়েই তার দর্শকদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। বিশ্বময় এই মহামারির সঙ্কটকালে সঙ্গ নিরোধের যে প্রচারণা চলছে চারদিকে সেটাকে মেনেই সবাইকে একটি প্লাটফর্মে এনেছে এই চ্যানেলটি।
বেশ কিছুদিন ধরেই গানবাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন একাধিক শিল্পী কলাকুশলী ও সমাজের বিশিষ্ট মানুষেরা। আর এটি সঞ্চালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। এ প্রসঙ্গে গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘এখন আমাদের এই বিশ্বমহামারির সময়টাকে দুটো জিনিস প্রয়োজন। একটি হলো আমাদের প্রত্যেককে যে যার জায়গা থেকে সচেতন করা। আর মানুষকে মানসিক প্রশান্তি দেওয়া। যাতে সে ভয়ে অস্থির না হয়ে যায়। আমরা এই দুটি কাজই খুব যত্নসহকারে করছি। একইসঙ্গে বলবো দর্শকরাও দারুণভাবে রেসপন্স করছে। এটা খুবই অনুপ্রেরণা জোগায় আমাদের জন্য।’
আর ফেসবুক সেশনের এই লাইভের ব্রডকাস্টিংয়ের দায়িত্বে রয়েছেন জুয়েল মোর্শেদ। উল্লেখ্য, জুয়েল মোর্শেদ কাইনেটিক নেটওয়ার্কের বাংলাদেশ প্রধান। সারাদেশে এই হোম কোয়ারেন্টাইনের সময় সবাইকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই তাপস ভাইকে। কারণ এমন সুন্দর একটি আইডিয়ার কথা ভাবার জন্য। নয়তো যেখানে আমাদের দূরত্বে থাকাটাই শ্রেয়, সেই জায়গাটায় কীভাবে আমরা একে অপরকে কানেক্ট করবো। শুধু শিল্পীই নয়, দেশের বিশিষ্টজনেরাও এখানে জয়েন করেছেন। একইসঙ্গে কৈলাশ খেরের মতো আন্তর্জাতিকমানের শিল্পীরাও কথা বলছেন। দর্শকদের অনেকে এমনভাবেও বলছেন যে, এটা শুধু হোম কোয়ারেন্টাইনেই নয়, সবসময় এমন লাইভ তারা দেখতে চান এবং এত গুণী মানুষদের সম্পৃক্ততা শুধুমাত্র তাপস ভাই, মুন্নী ভাবী ও গানবাংলা পরিবারের জন্যই সম্ভব হয়েছে। গানবাংলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকেও সৌভাগ্যবান মনে করছি।’