তিন উপজেলাবাসীর দুর্ভোগ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর উপজেলা সদরের বাইপাস বংশাই রোডে পৌরসভার ৫০০ ফুট রাস্তায় জলাবদ্ধতাসহ ভাঙা। ফলে মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, উপজেলা পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকে বংশাই রোডের ৫০০ ফুট ভাঙা রাস্তা উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে শুক্রবার বাইপাস বংশাই রোডসহ পৌরসভার বেশ কয়েকটি রাস্তায় গিয়ে দেখা গেছে চলাচলের ক্ষেত্রে ভোগান্তির চিত্র। মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. হাবেল সিকদার ও বংশাই ডিজিটাল হাসপাতালের (প্রাই.) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ অভিযোগ করেন, পৌরসভার বয়স ২০ বছর হলেও বাড়েনি তেমন নাগরিক সুবিধা। সুষ্ঠু পরিকল্পনার অভাবে আজ পর্যন্ত রাস্তার পাশে ভালো ড্রেনেজ ব্যবস্থা না হওয়ায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর পানি জমে চলাচলে সমস্যা হয়। সবচেয়ে খারাপ অবস্থা কালিবাড়ী রোড হতে মির্জাপুর বাইপাস ও বাইপাস হতে ত্রিমোহন-বংশাই রোড। ট্রেন লাইন ও মূল সড়ক থেকে রাস্তাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই কখনো হাঁটু পানি আবার কখনো কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই রাস্তা দিয়ে মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বাসাইল ও সখীপুর উপজেলার হাজার হাজার লোকজন যাতায়াত করেন। উপজেলার লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, বংশাই রোডের বেহাল রাস্তাটি দ্রুত উন্নয়নের জন্য উপজেলা পরিষদ এবং উপজেলা প্রকৌশল অফিস থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কাজ করা যাচ্ছে না। মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না আসায় বংশাই রোডের কাজ করা যাচ্ছে না। সামনে বর্ষা মৌসুম এবং রাস্তাটি বেহাল হয়ে যাওয়ায় অন্য প্রকল্প থেকে অর্থ এনে কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।