হাজীগঞ্জে করোনায় মৃতদের দাফনে আগ্রহী ওরা ১১ জন

হাজীগঞ্জ (চাঁদপুর)  সংবাদদাতা

করোনা আক্রান্ত বা সন্দেহে মুসলিম মৃত ব্যক্তির (পুরুষ) গোসল, জানাজা দাফন কাজে সেবক দলের তালিকা দিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নাম্বারে নাম-ঠিকানাসহ হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কাছে ঐ তালিকা প্রদান করা হয়।

আগ্রহীরা বলছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে একটি স্বেচ্ছামূলক দলের তালিকা প্রকাশ করেছি। আমরা দলবদ্ধভাবে এ মহতী কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে আগ্রহী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক চেয়ে ‘এক জন মানুষ দরকার’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। ঐ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন ‘কমপক্ষে ১০ জন সর্বোচ্চ ২৫ জন স্বেচ্ছাসেবক (কমপক্ষে ৩ জন মেয়ে/মহিলাসহ) করোনা ভাইরাসে মৃত মানুষের লাশ দাফন/সত্কার তাদের প্রশিক্ষণ ও সত্কারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। কমেন্টে-নাম (পিতা/মাতার নামসহ, ঠিকানা, ফোন নং) মেয়েদের ফোন নাম্বার ইনবক্সে দিতে পারেন।’ এতে আগ্রহ প্রকাশ করেন, হাজীগঞ্জ মাদ্রাসা দারুল কারীমের মুহতামিম মাওলানা জুবায়ের আহমেদ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল হাসান, হাজীগঞ্জ বাজারের আল আকসা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিক, মুক্তিযোদ্ধা মমিনুল হক ফাউন্ডেশনের সদস্য মনির হোসেন ও মাকসুদুন্নবি, সিএনজিচালক ইমাম হোসেন সুমন, রামপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুমন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মো. আরিফ হোসেন, হাজীগঞ্জ মাদ্রাসা দারুল কারীমের শিক্ষক হাফেজ আব্দুর রহমান ও জাবেদুল ইসলাম।