গৌরনদীতে শ্রমিকের মৃত্যু ৬০ বাড়ি লকডাউন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকায় বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট, জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসান ফকির (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মব্বত আলী ফকিরের ছেলে ও স্থানীয় মানিক সরদারের স্যানিটারির দোকানে রিং, স্লাব নির্মাণ করতেন। তার মৃত্যুর পর আশপাশের ৬০টি বাড়ি লকডাউন করা হয়। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনা আতঙ্কে ওই গ্রামের ৬০টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লকডাউন করা পরিবারগুলোকে খাদ্য-সহায়তা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাইয়্যেদ আমরুল্লাহ জানান, মৃত হাসান ফকির অনেক দিন থেকেই অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার পরও যেহেতু এলাকায় গুজব ছড়িয়েছে, সে জন্য মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সেজন্য ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে পাহারা বসানো হয়েছে।