স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে বেলজিয়ামের প্রথম লিগটি বাতিল করে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাব ব্রুজকে শিরোপাজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে ইউরোপের অন্য লিগগুলো এখনো ঝুলে আছে দেরিতে হলেও আবারও মাঠে গড়ানোর আশায়।
ইউরোপে প্রাণঘাতী এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর অন্যতম বেলজিয়াম। লিগ মৌসুমের জন্যে নির্ধারিত সময়ে দেশটিতে ফুটবল ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই লিগটি বাতিলই করে দেওয়া হয়েছে। করোনার কারণে প্রথমবারের মতো পুরোপুরি বাতিল হওয়া ইউরোপীয় লিগও বনে গেল এটি।
লিগ স্থগিত হওয়ার সময় এবারের আসরে বাকি ছিল কেবল একটি রাউন্ড। তাতেই দ্বিতীয় স্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে ছিল ব্রুজ। তবে চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্লেঅফ হওয়ার কথা ছিল। এখন লিগ বাতিলের পাশাপাশি শিরোপার ফয়সালা হলেও অবনমন ও উত্তরণ নিয়ে কিছু ভাবে নি লিগ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। তবে বেলজিয়ান লিগের দেখানো পথে অন্য ইউরোপীয় লিগগুলোর না হাঁটার সম্ভাবনাই বেশি। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কিছু পরেই উয়েফা, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন আর ইউরোপীয় লিগগুলো সম্মিলিতভাবে চিঠি পাঠায় সদস্যদের কাছে। চিঠিটিতে বলা হয়েছে লিগগুলোকে মাঠে ফেরাতে সর্বোচ্চ গুরুত্বই দিচ্ছে তারা। লিগ বাতিল করার জন্যে প্রয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার ঘোষণাও দিয়েছে উয়েফা।
ইউরো ২০২০ আর কোপা আমেরিকা স্থগিত হওয়ার ফলে জুলাই-আগস্ট মাসে বেশ বড়োসড়ো একটা সময়ই ফাঁকা হয়েছে। উয়েফা আর ক্লাব অ্যাসোসিয়েশন বর্তমানে সে সময়ে লিগ মাঠে গড়ানোর ব্যাপারেই ভাবছে। তবে খেলোয়াড়দের চুক্তি এক্ষেত্রে বড়ো প্রতিবন্ধকতা নিয়ে হাজির হয়েছে। ইউরোপের উল্লেখযোগ্য সব লিগেই চুক্তিগুলো হয় ১ জুলাই পর্যন্ত। যদি লিগের ব্যাপ্তি বাড়ে সেক্ষেত্রে চুক্তিও বাড়বে কি না, সে সমস্যা সমাধানেরই আপাতত চেষ্টা করছে তারা।
চিঠিটিতে আরো বলা হয়, ঘরোয়া লিগগুলো শেষ করার পর ইউরোপীয় প্রতিযোগিতাগুলোও শেষ করার কথা ভাবছে উয়েফা। চলতি মৌসুম বেশি দীর্ঘায়িত করে ফেললে আগামী মৌসুমের সূচিতেও পড়তে পারে এর প্রভাব। উয়েফা লিগগুলোকে সে ব্যাপারেও সজাগ থাকার নির্দেশনা দিয়েছে।