প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপে এখনো দেশে তেমনভাবে করোনা ছড়িয়ে পড়েনি —চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা 

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণে এখনো বাংলাদেশে তেমনভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি। আপনারা দেখেছেন সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। আমাদেরকেও হয়তো অনেক কঠিন সময় পার করতে হতে পারে। আওয়ামী লীগের সকল সংসদ সদস্য এবং নেতৃবৃন্দ জনগণের পাশে আছেন, সকল বিত্তবানদের এই দুঃসময়ে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার-পরিকল্পনা বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং দ্বিতীয়খন্ড ইউনিয়নে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির দুইটি স্থানে যান। এ সময় তার সঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, ইউএনও মো. আসাদুজ্জামান, জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

চিফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, ‘ইতিমধ্যে ড্রাগ ইন্টারন্যাশনাল শিবচরে ৫০০ পিপিই, ৫০০ হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। এফবিসিসিআইও ৫০ পিস পিপিই এবং ১১০ পিস মাস্ক দিয়েছে। শিবচরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকেই নিজস্ব উদ্যোগে ত্রাণসামগ্রী দিচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। শিবচরের জনগণের কাছে আমার অনুরোধ আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন। নিজে ঘরে থাকুন অন্যকে সুস্থ রাখুন। জনসমাগম করবেন না। সরকারি সিদ্ধান্ত ছাড়া দোকানপাট খুলবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনে চলাফেরা করবেন না।