গুজব ঠেকাতে সতর্ক পাহারায় থাকুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলববাজ গোষ্ঠী করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার তত্পরতায় তারা লিপ্ত। গুজব ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এমন নির্দেশনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন। চিকিত্সক-নার্সসহ স্বাস্থ্য কর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা নির্দেশনা      পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশে দেশে সংকট আরো ঘণীভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষ আজ কষ্ট পাচ্ছেন। সরকার সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানরাও এগিয়ে এসেছেন। দায়িত্ব পালনে কেউ কোনো অবহেলা করছেন না। এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এমন ভয়াবহ সংকট আর সৃষ্টি হয়নি। কবে যে এ সংকটের শেষ হবে, তা এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছে না। এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সারাবিশ্ব চলছে। বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে। তিনি বলেন, বাংলাদেশে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োচিত যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। তিনি বলেন, এই সংকটকালে জনমতকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সচেষ্ট থাকতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া যাবে না।