তিন মোটরসাইকেল আরোহীসহ সড়কে চার জন নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়াও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক মারা গেছেন।

বরিশাল অফিস জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত ও এক জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উজিরপুর উপজেলার মিন্টু বেপারীর ছেলে সজিব বেপারী (১৯) ও জামাল বালীর ছেলে আরাফাত বালী (১৯) দুর্ঘটনা বলিত হয়ে নিহত হন। আহত হাসিব নামে একজনকে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, ঐ তিন বন্ধু বরিশাল নগরী থেকে উজিরপুরে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। হাসিবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালে চিকিত্সকেরা।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন মানিক ওরফে বায়জিদ মজুমদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুল লতিফ এছাক ড্রাইভারের ছেলে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইয়াছিন প্রধানীয়া ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শরীফ এ তথ্য জানান। এদিকে সৌদি আরবে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রিমন (২৫) নিহত হয়েছেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, কামারখন্দে ট্রাক খাদে পড়ে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর এ তথ্য জানান।