করোনায় ভারসাম্যহীন ও ভবঘুরেদের পাশে ‘টিম ১৯’

নাম ‘টিম-১৯’। করোনা ভাইরাস কোভিড-১৯ এর সঙ্গে মিল রেখেই নামটি নিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এই সংগঠনের তরুণরা। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই সংগঠনটির উদ্ভব। অঘোষিত লকডাউনে সবাই যখন ঘরবন্দি জীবনযাপন করছে ঠিক সেই সময়ে টিম-১৯ এর তরুণরা বের হয়েছে ভালো কাজে। ভালো কাজের পাগল বলেই এই তরুণরা করোনা পরিস্থিতিতে অভুক্ত ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনদের কথা ভেবেছেন। নিজ উদ্যোগে তাদের নিয়মিত দুই বেলা খাবার পৌঁছে দিচ্ছেন এই সংগঠনের তরুণরা।

জানা যায়, গত ২৫ মার্চ রাত থেকে পঞ্চগড়ের অন্যান্য উপজেলার মতো তেঁতুলিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ হয়ে যায় হোটেল রেস্তোরাঁও। এতে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে দুর্ভোগে পড়ে হাটবাজার রাস্তাঘাটে ঘোরা ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনরা। হোটেল রেস্তোরাঁ খোলা থাকলে তাদের ভাগ্যে দিনে এক বেলা হলেও কোনো না কোনোভাবে খাদ্য জুটে যায়। কিন্তু সব বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েন তারা।

তেঁতুলিয়া উপজেলার ১০/১২ জন তরুণ টিম-১৯ নাম দিয়ে করোনা পরিস্থিতিতে উপজেলার অসহায় পাগলদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গত ২৮ মার্চ থেকে তারা উপজেলার সাতটি ইউনিয়নে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনদের নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার সিদ্ধান্ত নেন। টিম-১৯ এর ছয় জন করে সদস্য দুইটি দলে বিভক্ত হয়ে মোটরসাইকেলে রান্না করা খাবার নিয়ে উপজেলার সাতটি ইউনিয়নেই মানসিক ভারসাম্যহীনদের খুঁজে খুঁজে খাবার পৌঁছে দিচ্ছেন। প্রতিদিন উপজেলায় অবস্থান করা ৬০ থেকে ৭০ মানসিক ভারসাম্যহীনকে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন এই সংগঠনের তরুণরা।