বরিশালে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হটলাইন ব্যবস্থা চালু

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাবার পৌঁছে দিতে হটলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম গতকাল শুক্রবার এ উদ্যোগ গ্রহণ করেন।

জানা গেছে, ৪ থেকে ১১ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল সদর আসনের বাসিন্দারা উল্লেখিত হটলাইন (০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩) নম্বরে যোগাযোগ করলে সহায়তা পৌঁছে দেওয়া হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, খাদ্যসহায়তা পেতে যাতে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত না হন এবং অনিয়ম না হয়, সে লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের বয়ানে অবহতি করার পাশাপাশি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নগরী ও বরিশাল সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাহায্য পেতে ফোন নম্বরগুলো স্টিকার আকারে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলায় ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এবং সচেতনতামূলক লিফলেট, ব্যানার-ফেস্টুন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে আমি বরিশালে অবস্থান করছি। এই সময়ের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করেছি। একই সঙ্গে দু-এক দিনের মধ্যেই বরিশাল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণের কাজ শুরু হবে বলে জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।