করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা জেলায়, রোগীর সংখ্যা ৩৬ জন। এরপর মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে ছয় জন, গাইবান্ধায় চার জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে এক জন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে। গতকাল শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচ জনের দেহে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে। গত ২৪ ঘণ্টায় ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ জন। আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে তিন জনের করোনা শনাক্ত করা হয়।
আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ছয় জন মারা গেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন। এর মধ্যে সাত জন নিজেদের বাড়িতে চিকিত্সা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।