রাঙ্গামাটির বাইঘাইছড়িতে শুক্রবার রাতে জিপ-মোটরসাইকেলের সংঘর্ষে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী নিহত হয়েছেন। এদিকে ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক মারা গেছেন।
রাঙ্গামাটি: বাঘাইছড়িতে জিপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে পাহাড়ি খাদে পড়ে বগড়া চাকমা নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালকসহ অপর দুজন গুরুতর আহত হন। গত শুক্রবার রাতে বাইঘাইছড়ির দূর্গম দুইটিলা আর্মি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- অন্তর চাকমা এবং সুবাস চাকমা (১৭)। তারা প্রত্যেকে বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালা গামী একটি জিপ গাড়ি (নাম্বার খাগড়াছড়ি-ব-২২৬৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বগড়া চাকমা ঘটনাস্থলে মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। তবে জিপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
দুইটিলা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, সেনাবাহিনীর একটি দল হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন।
ঝিনাইদহ: মহেশপুরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩জন আহত হয়েছেন । শনিবার সকাল ৮ টায় মহেশপুর-ভৈরবা সড়কের বামুনগাছাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মন্ডল ( ৩০ ) সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, হতাহতরা ভৈরবা বাজার থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে আসছিলেন। বামুনগাছাতে পৌঁছুলে মোটরসাইকেলের সাথে অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মামুন মন্ডলকে মৃত ঘোষাণা করেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাখে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার আহত হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
ইত্তেফাক/আরকেজি