প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণে এখনো বাংলাদেশে তেমনভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সরকারের স্থানীয় বিভিন্ন দফতরে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আপনারা দেখেছেন সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। আমাদেরকেও হয়তো অনেক কঠিন সময় পার করতে হতে পারে। আওয়ামী লীগের সকল সংসদ সদস্য এবং নেতৃবৃন্দ জনগণের পাশে আছেন, সকল বিত্তবানদের এই দুঃসময়ে এগিয়ে আসতে হবে।
এর আগে তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং দ্বিতীয়খণ্ড ইউনিয়নে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচীর ২টি স্থানে যান। এ সময় তার সাথে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, ইউএনও মো. আসাদুজ্জামানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চীফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, ইতিমধ্যে ড্রাগ ইন্টারন্যাশনাল শিবচরে ৫০০ পিপিই, ৫০০ হ্যান্ড সেনিটাইজার দিয়েছে। এফবিসিসিআইও ৫০ পিস পিপিই এবং ১১০ পিস মাস্ক দিয়েছেন। শিবচরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকেই নিজস্ব উদ্যোগে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা শিবচরবাসীরা বন্যা ও নদী ভাঙ্গন সব সময় মোকাবেলা করে থাকি। ১৯৯৮ এর ভয়াবহ বন্যা আমরা মোকাবেলা করেছি। সেই সময়ে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরা সকলে একসাথে করোনা ভাইরাসও মোকাবেলা করতে সক্ষম হবো। বিগত দুর্যোগ এবং এই কঠিন সময়ে শিবচরবাসীর পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায়নি। সারাদেশেও বিরোধী দলগুলোর কোনো কার্যক্রম চোখে পড়ছে না। শিবচরের জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন। নিজের ঘরে থাকুন অন্যকে সুস্থ রাখুন। জনসমাগম করবেন না। সরকারি সিদ্ধান্ত ছাড়া দোকানপাট খুলবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনে চলাফেরা করবেন না। ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে কোন রকম অনিয়ম মেনে নেওয়া হবে না। ত্রাণ নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না। দলমত নির্বিশেষে সকলের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিন। যতদিন পর্যন্ত এই সঙ্কট থাকবে ততদিন সরকার, আওয়ামী লীগ এবং আমি আপনাদের পাশে আছি। আপনাদের খাদ্যের ব্যবস্থা করা হবে। শিবচরে যাদের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন ও বাকিরা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
নিজেদের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও খাদ্য, ঔষধ বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাহসী কাজ করার জন্য শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল আবির হোসেন, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ডাক্তার, স্বাস্থ্যসেবা কর্মীসহ অন্যান্যদের ধন্যবাদ জানান চীফ হুইপ।
পরে চীফ হুইপ শিবচর আওয়ামী লীগ কার্যালয়ে বসে দলীয় নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সর্তকতার সাথে মানুষের পাশে থাকার আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরএ