স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসের কারণে স্প্যানিশ লিগ বন্ধ প্রায় তিন সপ্তাহ ধরে। এরপর থেকেই রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়রা আছেন নির্বাসনে। এ সময়ে শিষ্যদের খোঁজ নিতে রিয়াল কোচ জিনেদিন জিদান আয়োজন করলেন ভিডিও কলের।
শুক্রবার সন্ধ্যায় জিদানের এই ভিডিও কলে উপস্থিত ছিলেন রিয়াল স্কোয়াডের সবাই। নিছকই ব্যক্তিগত পর্যায়ের এই সভায় অবশ্য কোনো প্রকারের কৌশল বর্ণনা করেননি রিয়ালের ফরাসি কোচ। মূলত করোনাক্রান্ত সময়ে সামাজিক দূরত্বের পাশাপাশি দলের খেলোয়াড়দের মাঝে মানসিক দূরত্বও যেন বেড়ে না যায় সে ব্যাপারটি নিশ্চিত করতেই ছিল জিদানের এই আয়োজন।
তবে এই সময়ে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন না রিয়াল খেলোয়াড়রা। ফিজিও গ্রেগরি দুপন্তের নির্দেশনায় নিজ নিজ ঘরে ফিটনেস ঠিক রাখার কাজটি করে যাচ্ছেন সার্জিও রামোস-করিম বেনজেমারা।