করোনা দুর্যোগে সহায়তার হাত

ইত্তেফাক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগে নেওয়া হয়েছে।

রূপগঞ্জে গোলবাহার ফাউন্ডেশন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের, গোয়ালপাড়া, মাইঝপাড়া, হাড়ার বাড়ি, পশি, আলমপুর, বৌড়ার টেক, বেইলার টেক, টিনর, কেয়ারিয়া, দক্ষিণ নবগ্রাম, রূপগঞ্জ, মাইফরাসপাড়াসহ আশপাশের ২০ গ্রামে দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের অনুপ্রেরণায় গোলবাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন মো. হাবিবুর রহমান হারেজ ব্যক্তিগত তহবিল থেকে দেড় হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। আলহাজ লায়ন মো. হাবিবুর রহমান হারেজ স্কুল মাঠে ত্রাণ বিতরণ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।

ধামরাইয়ে সরকারি ও ব্যক্তি উদ্যোগ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মধ্যে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও বিত্তবানরা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার কাজ কয়েক দিন ধরে চলছে। বালিয়ার ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহাম্মদ হোসেন জানান, তিনি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের পিএস মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের নিয়ে প্রায় ৩ শত পরিবারকে সরকারি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। রোয়াইলের ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু জানান, পরিচ্ছন্নতা বজায় রাখতে গতকাল ব্যক্তিগত উদ্যোগে তিনি তার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সাধারণ মানুষের মধ্যে ১ হাজার সাবান বিতরণ করেছেন।

রায়েরবাজারে এসডিআই

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাজধানীর রায়েরবাজার এলাকায় নানা পেশার নিম্ন আয়ের দরিদ্রদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্্ (এসডিআই)। গতকাল ত্রাণ বিতরণকালে তিনি সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, গোলআলু, ভোজ্যতেল, লবণ ও পেঁয়াজ। পরিস্থিতি সাপেক্ষে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক।

উইলস লিটল পরিবার

কর্মহীন দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ। গতকাল বিকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. আরিফুর রহমান টিটু উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে এই মহতী উদ্যোগের জন্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ জানান। কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোগতারা।

ঘিওরে জিএমএস গ্রুপ

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের সব ওয়ার্ডের ৩২০ পরিবারের মধ্যে জিএমএস গ্রুপের আয়োজনে এবং ঘিওর উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। জিএমএস গ্রুপের প্রতিনিধি এস আর আনসারী বিল্টুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক মো. হাফিজুর রহমান ফিরোজ, ঘিওর থানার কর্মকর্তা মো. আলতাফ হোসেন, মো. জাকির হোসেন প্রমুখ।

ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচ দিনের জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেলোয়ার হায়দার উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করনে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রবিউর রাশেদুল আলম, সাধারণ সম্পাদক রাদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল হিজড়া সম্প্রদায় ও প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। জানা গেছে, ৭০ জন হিজড়া ও ২৫০ জন প্রতিবন্ধীর মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া হয়।

নবাবগঞ্জে সরকারি ত্রাণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, নবাবগঞ্জে গতকাল পরিবহন শ্রমিকদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে, বাংলাদেশ সরকার ও ঢাকা-১ আসনের সংসদ সদস্যের পক্ষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন।