প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি রামরুর

করোনা ভাইরাস

ইত্তেফাক রিপোর্ট

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। একই সঙ্গে বিদেশে কর্মহীন অভিবাসীদের পরিবারের জন্য বিনাসুদে ঋণ ও ক্ষেত্রবিশেষে অনুদান তহবিল গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল শনিবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী এ দাবি জানান। বর্তমান পরিস্থিতিতে জরুরি ও দীর্ঘমেয়াদে করণীয় বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে রামরু।

তাসনিম সিদ্দিকী বলেন, অভিবাসীরা আশা করছেন—বিভিন্ন দেশে করোনা ভাইরাসে যারা মারা গেছেন তাদের অবদান তুলে ধরে বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ে শোক প্রকাশ করুক। রামরু প্রস্তাব করছে যে, দেশে এবং বিদেশে যারা করোনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য আগামী ১২ এপ্রিল (রবিবার) দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা স্থানীয় সময় সকাল ৯টায় এক মিনিট নীরবতা পালন করবে।