দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর অপরাধে মো. শাহাজাদা ও রাকিবুল আলম তুষার নামে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজুর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ মাস করে কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. শাহাজাদা উপজেলার বলমন্তচর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে ও রাকিবুল আলম তুষার একই গ্রামের খাইরুল আলমের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন জানান, শনিবার দুপুরে বলমন্তচর গ্রামে ত্রাণ নিয়ে গুজব ছড়াচ্ছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুজব ছড়ানোর বিষয় প্রমাণ পেয়ে পুলিশ শাহাজাদা ও রাকিবুলকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, ‘সেনাবাহিনী কর্তৃক ৫ হাজার টাকা এবং ত্রাণ দেওয়া হবে’ বলে এই দুই ব্যক্তি বলমন্তচর এলাকায় জনগণের মধ্যে গুজব ছড়ায়। এমন তথ্য জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিষয়টি সম্পূর্ণ গুজব। গুজব ছড়ানোর দায়ে তাদের দুই জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।