রোগীর চিকিত্সাসেবা নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের যথাযথভাবে সেবা প্রদান করা হচ্ছে কি না তা তদারকি করতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। গতকাল শনিবার রাজধানীর শমরিতা, বিআরবি, গ্রীন লাইফ, কমফোর্ট, আনোয়ার খান মডার্ন হসপিটাল, স্কয়ার হসপিটালসহ নামিদামি বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। তিনি বলেন, অভিযানে বেসরকারি হাসপাতালগুলোতে সর্দি-জ্বর, কাশি এরকম রোগীদের ভর্তি করা হচ্ছে কি না বা এসব রোগীদের যথাযথভাবে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে কি না তা দেখা হচ্ছে। এছাড়া চিকিত্সকগণ নিয়মিতভাবে হাসপাতাল-ক্লিনিকে আসছেন কি না এসব বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। এ সময় দেখা যায় সাধারণ দিনের চেয়ে চিকিত্সকের উপস্থিতির পরিমাণ তুলনামূলক অনেক কম। তিনি বলেন, আমরা হাসপাতালগুলোর এ পরিস্থিতি অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা, বিভাগ ও মন্ত্রণালয়কে জানাব। তারা যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।