জার্মানির পথে থাকা মাস্ক ‘কেড়ে নিয়েছে’ যুক্তরাষ্ট্র

বিবিসি

জার্মানির পথে থাকা ২ লাখ মাস্ক যুক্তরাষ্ট্র নিজেদের ব্যবহারের জন্য জব্দ করেছে বলে অভিযোগ করেছে বার্লিন। এ ঘটনাকে ‘আধুনিক দস্যুতা’ বলেও অভিহিত করেছে তারা।

বার্লিনের স্থানীয় প্রশাসন বলছে, তাদের পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আসা ঐ মাস্কগুলো যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি বানিয়েছিল। পথিমধ্যে সিঙ্গাপুর থেকে সেগুলো ‘জব্দ করা হয়’। এ কারণে মাস্কগুলো আর নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি। মার্কিন কোম্পানির বানানো ঐ এফএফপি২ মাস্কগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেওয়া হয়েছে বলে বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গিসেল অভিযোগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোরিয়ান যুদ্ধের সময়কার একটি আইন সচল করে মার্কিন কোম্পানিগুলোকে নিজ দেশের চাহিদা অনুযায়ী মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন চিকিত্সা উপকরণ সরবরাহে নির্দেশ দিয়েছেন। ঐ আইনের আওতায় জার্মানির পথে থাকা এ মাস্কগুলো ‘জব্দ’ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তিনি ‘প্রতিরক্ষা উত্পাদন আইন’ সচল করে মার্কিন কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের চাহিদা মোতাবেক সুরক্ষা ও চিকিত্সা সরঞ্জাম বানাতে সর্বশক্তি প্রয়োগের জন্য বলেছেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ ব্যবহারের জন্যই এই সামগ্রীগুলো শিগগির দরকার আমাদের; নিজেদের ব্যবহারের জন্যই দরকার।’

মার্কিন কর্তৃপক্ষগুলো এরই মধ্যে প্রায় ২ লাখ এন৯৫ রেসপিরেটরস, ১ লাখ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ৬ লাখ গ্লাভস সংগ্রহ করেছে, জানিয়েছেন ট্রাম্প। যদিও কী উপায়ে এ সুরক্ষা উপকরণগুলো যুক্তরাষ্ট্রের হাতে এসেছে তা বলেননি তিনি।