স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে সরকার। কিন্তু সরকারের আহ্বান না মেনে রাজশাহীর রাস্তায় নামছে মানুষ এবং শত শত যানবাহন। এরই পরিপ্রেক্ষিতে চার দিনের প্রচেষ্টায় গতকাল শনিবার নগরীর যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল থেকে নগরীতে সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাহেববাজার জিরোপয়েন্টে সেনাবাহিনীর গাড়ি রাস্তায় ব্যারিকেড দিয়ে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর সদস্যরা। সকলকেই বাড়ি চলে যেতে বলেছেন তারা। ফলে কিছুক্ষণের মধ্যেই নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করেন, যান চলাচল নিয়ন্ত্রিত হলে সাধারণ মানুষ অযথা রাস্তায় নামতে পারবে না। এতে করে সামাজিকভাবে করোনা প্রতিরোধ হবে।
জানা যায়, বৃহস্পতি ও শুক্রবারের মতো শনিবারও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তত্পর ছিলেন সেনা সদস্যরা। এ কদিন সেনা সদস্যরা বিনা কারণে বাইরে বের হওয়া মানুষকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে টহল ছাড়াও মাইকিং করে মানুষকে সতর্ক করছে। শুক্রবার জুম্মার দিন নগরীর সাহেববাজার বড়ো মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে। আগের দুদিন জেলা জুড়ে বিনা কারণে বাইরে বের হওয়া ৭৮ জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ বিভিন্ন শাস্তি দিয়েছে।
এদিকে, সেনাবাহিনীর কঠোর নজরদারিতে পূর্বের মতো ফাঁকা হয়েছে নগরীর রাস্তাঘাট। তবে পাড়া-মহল্লার চায়ের দোকান ও মুদিদোকানের সামনে এখনো আড্ডা চলছে বলে খবর পাওয়া গেছে। শুধু তাই নয় রাজশাহীর পুঠিয়ায় বাস বন্ধ থাকার পরও বেশি দামে ঢাকার টিকিট বিক্রির খবর পাওয়া গেছে।