নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কর্মরত চিকিত্সকসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৫ হাজার পিপিই অনুদান দিয়েছে থার্মেক্স গ্রুপ। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, নরসিংদী জেলা হাসপাতালে আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান, সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমীরুল হক শামীম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে আবদুল কাদির মোল্লা বলেন, করোনা রোগীদের সর্বপ্রথম যারা সেবাটি দিবেন তারা হলেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী। এজন্য তাদের ব্যক্তিগত নিরাপত্তাটি দরকার সবার আগে। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থার্মেক্স গ্রুপ এসব পিপিই সরবরাহ করেছে।