চট্টগ্রামে তিন ডাক্তারসহ ১৮ জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিন চিকিত্সকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, করোনা পজেটিভ হওয়া রোগী এর আগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন। তাই এই হাসপাতালের তিন চিকিত্সক, নার্সসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের প্রয়োজন নেই। গত শুক্রবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ৩২ জনের নমুনা পরীক্ষার পর এক জনের শরীরে করোনা পজেটিভ রয়েছে বলে শনাক্ত হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে দুই জন তাবলিগ জামাতের সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই দুই জন ভারতের দিল্লিতে তাবলিগ থেকে বাড়ি ফেরেন। খবর পেয়ে শুক্রবার রাতে তাদের বাড়ি থেকে প্রশাসন এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে আসে। ইছাপুরস্থ এই উপজেলা হাসপাতালটির একটি বড়ো কক্ষে এক সঙ্গে দুই জনকে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ শনিবার বিকালে জানান, দুই জনই যুবক। তারা সুস্থ আছেন।

বাগেরহাটে পুলিশসহ

তিন জন আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি জানান, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুই পুলিশ সদস্যসহ তিন জনকে সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে নড়াইলে কর্মরত ৩০ বছর বয়সি এক পুলিশ সদস্যকে বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। একই দিন বিকাল ৪টায় সদর উপজেলার হালিশহর-খালিশপুর এলাকার ৪২ বছর বয়সি এক মহিলাকে করোনা আক্রান্ত সন্দেহে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত অপর এক পুলিশ সদস্যকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জে চিকিত্সক

করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জের এক চিকিত্সক করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। একটি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে তার চেম্বার ছিল। সেখানে নিয়মিত রোগী দেখতেন তিনি। সম্প্রতি ঐ চিকিত্সকের করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ঐ চিকিত্সক নারায়ণগঞ্জের বাসিন্দা নন। কিন্তু নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে তার চেম্বার ছিল।