করোনা মোকাবিলায় সরকারের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মোকাবিলায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারের রোগ পরীক্ষা এবং আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সঠিক তথ্য নিয়ে অনেকেই সন্দেহ করছেন। এখন প্রয়োজন পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা।

গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে করোনায় মৃত্যুর হার ১০.৪ শতাংশ অথচ ইতালিতে মৃত্যুর হার ১০.২ শতাংশ। নিঃসন্দেহে রোগ পরীক্ষার স্বল্পতাই এই হিমশীতল মৃত্যুহারের কারণ। প্রতি হাজারে কোরিয়া যেখানে টেস্ট করেছে ৬ জনের, সেখানে বাংলাদেশ প্রতি ১০ লাখে টেস্ট করেছে মাত্র ৬ জনের। এটা কি উদাসীনতা না উদ্দেশ্যপ্রণোদিত, তা আমাদের বোধগম্য নয়। এ মহা দুর্যোগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তথ্যের অস্বচ্ছতার কারণে জাতিকে কোনো চড়া মূল্য দিতে হয় কি না সেটাই আশঙ্কা। দেশে বেশির ভাগ মানুষ ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও হটলাইনে ফোন করে সেবা নিতে ব্যর্থ হচ্ছে, কোনো প্রতিকার পাচ্ছে না। এখন পর্যন্ত দেশে করোনা পরীক্ষার কিট নিতান্তই অপ্রতুল। হাসপাতালগুলোতে পিপিই ও পরীক্ষা কিটের অভাবে সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিত্সা করছে না।        এমনকি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো ভর্তি করছে না। এখন প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে করোনা চিহ্নিত করার জন্য বিপুল পরিমাণে পরীক্ষা কিট ও চিকিত্সক-নার্সদের জন্য পিপিই সরবরাহ নিশ্চিত করা এবং রাজধানী জেলা-উপজেলা পর্যায়ে পর্যাপ্তসংখ্যক প্রাতিষ্ঠানিক করোনা পরীক্ষাকেন্দ্র, সম্পূর্ণ পৃথক কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত আইসিইউ স্থাপন ও ভেন্টিলেটর সরবরাহ, নিরাপদ দূরত্বে সম্পূর্ণ পৃথক হাসপাতাল স্থাপন করা।