নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তা দায়িত্বে থাকা নড়াইল ডিবি পুলিশের কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ কর্মকর্তা মারা যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি পথসভায় বক্তব্য রাখেন। সভা শেষে বিকেল ৩ টার দিকে দেবী থেকে ফেরার সময় তিনি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় মাশরাফির বহরে থাকা একটি প্রাইভেটকারে করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ শুনে মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পরে এ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ নড়াইল পুলিশ লাইনে নিয়ে আসে। এ ঘটনার পর মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন পুলিশ লাইনে মনিরুজ্জামান মিন্টুর মরদেহ দেখতে যান। এ ঘটনার পর মাশরাফি বিন মর্তুজার বিভিন্ন স্থানে থাকা নির্ধারিত পথসভা সংক্ষিপ্ত করা হয়।
আরও পড়ুন: ট্রাম্পের ভুলেই ইরাকে থাকা মার্কিন সেনাদের পরিচয় ফাঁস
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন মনিরুজ্জামান মিন্টুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই