বেসরকারি চাকরিজীবীদের তিন মাসের বেতন দিচ্ছে সৌদি সরকার

বেসরকারি খাতে কর্মরত সৌদি নাগরিকদের তিন মাসের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর্থিক সহায়তা হিসেবে শুক্রবার এ অর্থ প্রদানের নির্দেশ দেন তিনি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চলমান অবস্থায় কর্মচারীদের ছাঁটাইয়ের পরিবর্তে নিয়োগ প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতনের অর্থ দেওয়ার আবেদন করতে পারবে। যাদের মাসিক বেতন সর্বোচ্চ ৯ হাজার রিয়াল কেবল তারাই এই সুবিধা পাবেন। জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইনসিওরেন্সের মাধ্যমে এই আবেদন করতে হবে। রাজকীয় আদেশের ব্যাপারে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, করোনা ভাইরাসের কারণে বেসরকারি খাতে কর্মরতদের সামাজিক ও অর্থনৈতিক দুরবস্থা লাঘবে বাদশাহ সালমানের অব্যাহত প্রচেষ্টা ও নজরদারির বহিঃপ্রকাশ এই আদেশ। তিনি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।