মোবাইল চুরি আখ্যা দিয়ে স্বামী ও স্ত্রীকে একটি বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা আটক রেখে রাতভর নির্যাতন চলানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৯টায় বন্দর থানার আনন্দ নগরস্থ সহর আলী মিয়ার বাড়িতে এ নির্যাতনের ঘটনাটি ঘটে। নির্যাতিতরা হলো সালেক মিয়া (৪০) ও তার স্ত্রী দিলরোবা (৩৫)। নির্যাতনের ঘটনার সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ি ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলসহ সঙ্গীয় ফোর্স গতকাল শনিবার সকাল ১১টায় দ্রুত ঘটনাস্থলে এসে বন্দিশালা থেকে উল্লেখিত দম্পতিকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিত সালেক মিয়া বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে পাষণ্ড কালাম মিয়া ও তার ৩ সন্ত্রাসী ছেলের নাম উল্লেখ করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন। জানা গেছে, গত শুক্রবার দুপুরে বন্দর থানার আনন্দনগর এলাকার মৃত সহর আলী মিয়ার ছেলে কালামের ঘর থেকে একটি মোবাইল চুরি হয়। পরে কালাম মিয়া ও তার তিন সন্ত্রাসী ছেলে মহসিন, তানভীর ও জসিম ঐ দিন রাত ৯টায় মোবাইল চুরি সন্দেহে প্রতিবেশী সালেক মিয়া ও তার স্ত্রীকে চাউল পড়া খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে আনে। পরে উক্ত দম্পতিকে একটি ঘরে আটক রেখে রাতভর শাররিক নির্যাতন করে। পরে এলাকাবাসী বিষয়টি ধামগড় ফাঁড়ি ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলকে অবগত করে। পরে ধামগড় ফাঁড়ি পুলিশ গতকাল শনিবার বেলা ১১টায় পাষণ্ড কালামের বন্দিশালা থেকে ঐ দম্পতিকে উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অপরাধীদের কোনো ছাড় নেই। নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।