সিংগাইরে তাবলিগে আসা শা’দ পন্থি বৃদ্ধ করোনায় আক্রান্ত

ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসায় তাবলীগ জামাতে আসা শা’দ পন্থি এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই মাদ্রাসাসহ সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বিষষয়টি নিশ্চিত করেছেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আব্দুল বাকী (৬০) নামে ওই ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার জবদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকা ২নং ওয়ার্ডের আজিমপুর নয়াডাঙ্গী গ্রামে বাইতুল মামুর ও মারকাজুল মা আরিফ ওয়াদ-দাওয়াহ মাদ্রসায় তাবলিগ জামাতে এসেছিলেন। গত ২৪ মার্চ থেকে ৫জন এসএসসি পরীক্ষর্থীসহ ১৩ সদস্যের একটি জামাত তাবলিগের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে আব্দুল বাকীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার ছেলে ডা. সাগরের মাধ্যমে ঢাকায় নিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনা ভাইরাস দেখা দিলে তাকে আইডিসিআরের তত্বাবধানে রাখা হয়েছে।

আব্দুল বাকীর ছেলে ডা. সাগর বলেন, আমার আব্বার জ্বর ,কাশি ও ঠান্ডা দেখা দিলে ঢাকায় এনে হাসপাতালে পরীক্ষা করাই। এতে তার দেহে করোনা ভাইরাসের আক্রান্ত দেখতে পাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান, গত শনিবার রাত ১২টার দিকে আইডিসিআর থেকে আব্দুল বাকীর করোনায় আক্রান্তের খবর জানানো হয়। আব্দুল বাকীর সঙ্গে থাকা অন্যান্য ১৩ সদস্য ও স্থানীয় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় ঐ মাদ্রাসাসহ পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউন ঘোষণার পরও লোকজনকে রাস্তায় চলাফেরা করতে দেখা দেখা যাচ্ছে কেন? এর উত্তরে তিনি বলেন, হয়তো অনেকেই জানেন না। জানিয়ে দেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি