কুমিল্লার দাউদকান্দিতে করোনা সন্দেহে লকডাউনে থাকা একটি বাড়ির আলেক খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ওই উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন এবং দুপুরে তাদের ব্যবস্থাপনায় মৃত ব্যক্তির মরদেহ কবরস্থানে দাফন করা হয়। এর আগে ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ সন্দেহে গত শনিবার ৭টি পরিবারকে লকডাউন করে রাখে উপজেলা প্রশাসন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল আলম সুমন জানান, ‘ওই ব্যক্তি একজন কৃষক। তিনি কাশি ও গলাব্যথা নিয়ে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালে আসেন। তখন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে আমরা ওই ব্যক্তির বাড়িতে যাই এবং নমুনা সংগ্রহ করে তাকে দাফন করি।’
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, ‘ওই ব্যক্তির অসুস্থ্যতার লক্ষ্যণকে করোনা উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে গত শনিবার ওই বাড়ির ৭টি পরিবারকে লকডাউন করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ লকডাউন প্রয়োজনে কারফিউ দাবি আইভি ও শামীম ওসমানের
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির জানাজায় প্রশাসনের লোকজনসহ ১৪/১৫ জন অংশ নেন। করোনা সন্দেহে ভয়ে তার স্বজন কিংবা প্রতিবেশি ও ঘনিষ্টজনরা অংশগ্রহণ করেননি।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, ‘রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কি-না।’
ইত্তেফাক/এসি