তা র কা ব চ ন

আমার মনে হয়, এ সময় আমাদের প্রধানতম জায়গা আত্মশুদ্ধি বাড়ানো। ক’দিন আগেও আমরা খুবই অস্থির ছিলাম। এখন সবাই স্থির। আমাদের হাতে এখন অনেক সময়। আমরা পরিবারের পাশে থাকতে পারি। সম্পর্কগুলোকে যত্ন নিতে পারি। ঘরের অনেক কাজ ছিল, সেগুলো করা হতো না, গৃহপরিচারিকার ওপর নির্ভর ছিলাম, সেগুলো এখন নিজেই দায়িত্ব নিয়ে করছি। এটাও আমার কাছে মনে হয় নতুন উপলব্ধি। আমরা নির্ভর করতে করতে অনেক দূর চলে গেছি, কিন্তু এখন আমরা আত্মনির্ভরশীল হতে পারছি। আমার মনে হয়, পুরো মানব সভ্যতার একটা নতুন ধরনের উপলব্ধি হবে। এই দিনে আমি একটা নতুন স্বপ্নও দেখছি, আমার মনে হচ্ছে করোনার কারণে সারাবিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। মানবিক ও সুন্দর পৃথিবী গড়ে উঠবে। আমার এ-ও মনে হয়, সারা পৃথিবীর সব মানুষ এখন একই কথা ভাবছেন। অপরিসীম অমঙ্গল থেকে হঠাত্ একটা ভীষণ মঙ্গল কিছু বের হয়ে আসবে। এই করোনা ওলট-পালট পৃথিবীর মধ্য দিয়ে হয়তো মানব সভ্যতার কোনো নতুন উপলব্ধি হবে। সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে।

হোম কোয়ারেন্টাইনের সময়টায় আত্মশুদ্ধি বাড়ানো ও সম্পর্কের যত্ন নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি