সুবিধাবঞ্চিতদের পাশে সাদ উদ্দিন

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে দুর্দশায় পড়া নিম্নআয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সাদ উদ্দিন। সিলেটের দক্ষিণ সুরমা অঞ্চলের তিনটি গ্রামের প্রায় ৫০০ পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিয়েছেন আবাহনীর এই ফুটবলার।

গতকাল রবিবার নিজ এলাকা দক্ষিণ সুরমার তিনটি গ্রামের অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে এই কর্মসূচি পালন করেন সাদ। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিখ্যাত গোলটি করা এই মিডফিল্ডার জানান করোনার বিপক্ষে জিততে হলে সম্মিলিত প্রচেষ্টাই প্রয়োজন। সাদের ভাষ্য, ‘আমাদের সবারই উচিত এখন মানুষের সাহায্যে এগিয়ে আসা। নিজেদের সাধ্যমতো চেষ্টা করা। সবার প্রচেষ্টায় আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে জিতবোই। আবারও মাঠে নামব, সবকিছু একদিন স্বাভাবিক হবে ইনশাআল্লাহ।’ এর আগে জাতীয় দলের মিডফিল্ডার বিপলু আহমেদ, আরিফুর রহমান, মান্নাফ রাব্বি ও গোলরক্ষক শহিদুল সোহেলও স্থানীয় নিম্নআয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন।