দেশের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে ক্রীড়াবিশ্বে একের পর এক প্রতিযোগিতা স্থগিত হয়েই যাচ্ছে। এবার একই কারণে দেশের খেলাধুলাকেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

গেল মাসের মাঝামাঝিতে যখন ক্রীড়াঙ্গন স্থগিতের ঘোষণা আসে তখন কেবল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা দেওয়া হয়েছিল। গত শনিবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করে দেওয়া হয়।

করোনা ভাইরাস রুখতে দেশের জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছে সরকার। আর খেলাধুলায় যেহেতু জনসমাগম ঘটে সে কারণেই মূলত খেলাধুলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত স্থগিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।’

জানিয়ে রাখা ভালো, এর আগে গেল সপ্তাহে দেশের সব স্টেডিয়ামকে প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল কিংবা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়।