ফুলবাড়ীতে বেগুন-শসার কেজি দুই টাকা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
করোনা ভাইরাসের প্রভাবে ফুলবাড়ীতে কমে গেছে সবজির দাম। কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশা বাড়ছে সবজি চাষিদের। এখন প্রতিটি লাউ চার টাকা আর বেগুন ও শসা দুই টাকা কেজি দরে বিক্রি করছেন কৃষকরা, তাও ক্রেতা না পাওয়ায় খেতেই নষ্ট হচ্ছে সবজি।
উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের সবজি চাষি মো. রঞ্জিত রায় বলেন, তিনি অন্যের জমি বর্গা নিয়ে দেড় বিঘা জমিতে লাউ, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি আবাদ করেছেন। বর্তমানে বেগুন আর লাউ খেত থেকে তুলে হাটে নিয়ে গেলে বিক্রির খরচ ওঠে না। তাই খেতেই পড়ে আছে সবজি। ইতিমধ্যে লাউ খেতের অর্ধেক ভেঙে ফেলেছেন। একই গ্রামের শসাচাষি নিমাই চন্দ্র বলেন, তিনি ৩০ শতক জমিতে শসা চাষ করেছেন। খরচ পড়েছে ৪০ হাজার টাকা। অথচ এ পর্যন্ত মাত্র ২ হাজার টাকার শসা বিক্রি করেছেন। বর্তমানে শসার দর ৬০-৭০ টাকা মণ। স্থানীয় ক্রেতা নেই। বাইরের ক্রেতারাও কিনতে আসছেন না। ফলে সবজি চাষ করে এখন লোকসানের মুখে পড়েছেন বলে জানান তিনি। ফুলবাড়ী বাজারের পাইকারি ব্যবসায়ী অজয় দত্ত বলেন, খুচরা বিক্রেতারা না আসায় সবজির চাহিদা কমে গেছে। ফলে মোকামে চাহিদা না থাকায় কৃষকপর্যায়ে সবজির দাম পড়ে গেছে। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এ অবস্থার পরিবর্তন হবে কি না সন্দেহ। উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামীম আশরাফ বলেন, বর্তমানে সরকারি ছুটি থাকায় বেশির ভাগ মানুষ শহরে নেই। এজন্য শহরের বাজারগুলোতে সবজির চাহিদা কমে গেছে। এই সংকট কয়েক দিনের মধ্যে দূর হবে।